বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
স্টাফ রিপোর্টার : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়।
‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার জ্বালানি তেলের দাম ও বর্তমান পরিচালনা ব্যয় বিবেচনায় নিয়ে নতুন ভাড়ার হার নির্ধারণ করেছে। জনস্বার্থে জারিকৃত এই পুনঃনির্ধারিত ভাড়া গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়ার নতুন হার
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী : মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২.৫৩ টাকার স্থলে ২.৭০ টাকা করা হয়েছে।
দূরপাল্লা ও আন্তঃজেলা রুট : আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.২৩ টাকা থেকে বাড়িয়ে ২.৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহানগরীর মিনিবাস ও ডিটিসিএ এলাকা : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ছয় জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ) চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪৩ টাকার স্থলে ২.৬০ টাকা করা হয়েছে।
সর্বনিম্ন ভাড়া : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রেখে যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা বহাল রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, এই ভাড়ার হার কেবল ডিজেলচালিত যানবাহনের জন্য প্রযোজ্য হবে; সিএনজি বা গ্যাসচালিত বাসের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। একই সাথে বাস ও মিনিবাসের ভেতরের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা আবশ্যিকভাবে টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ-এর অনুমোদনে বাসের আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে আনুপাতিক হারে ভাড়া সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট রুট পারমিট প্রদানকারী কর্তৃপক্ষ বা পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার পূর্ব অনুমোদন করিয়ে নিতে হবে। ডিজেলচালিত বাসের ভাড়া সংক্রান্ত পূর্বের সকল প্রজ্ঞাপন রহিত করা হয়েছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
