ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট অভিযানে জরিমানা, কারাদণ্ড
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসন, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের এর সমন্বয়ে গঠিত 'টাস্কফোর্স' এর পরিচালনায় জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে ৪টি বানিজ্যিক প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সহ একটিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন টাস্কফোর্স-এর এ ভ্রাম্যমাণ আদালত।
উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১. সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, জনতার মোড়, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিরেকে ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ঘি পণ্য উৎপাদন কার্যক্রম শুরু করায় সতর্ক করে ০২ (দুই) কার্যদিবসের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করার নির্দেশনা প্রদান করা হয়।
২. পাঁচতারা রেস্টুরেন্ট, জনতার মোড়, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান পোড়া তেল ব্যবহার করায়, খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মচারীরা হাইজিন মেইনটেইন না করায় এবং অনুমোদনহীন সস ও মশলা ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ১৫,০০০/- জরিমানা করা হয়।
৩. গোল্ড ডিয়ার ফাস্টফুড, জনতার মোড়, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান পোড়া তেল ব্যবহার করায়, ট্রেড লাইসেন্স, স্যানিটারি লাইসেন্সসহ কোনো ধরনের লাইসেন্স না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয়।
৪. জনতা ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক), মোল্লাবাড়ি সড়ক, গোয়ালচামট, সদর, ফরিদপুর নামীয় প্রতিষ্ঠান অবৈধভাবে ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন ও বিক্রয় করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৮৬ মোতাবেক ১০,০০০/- জরিমানা ও ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
৫. এছাড়াও সরকারি কার্যক্রমে অসহযোগিতা করায় ও মিথ্যা তথ্য প্রদান করায় মোল্লা পিওর ড্রিংকিং ওয়াটার, মোল্লাবাড়ি সড়ক, গোয়ালচামট, সদর, ফরিদপুর এর স্বত্বাধিকারীকে দণ্ডবিধি, ১৮৬০ মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইনসানা তানজীন ইকো-এর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট), প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই ও টাস্কফোর্সের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক মো. কামাল হোসেন।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
