দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : অবৈধভাবে ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাতেই তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত ওই এনসিপি নেতার মালিকানাধীন প্রতিষ্ঠান 'মেসার্স জনতা ল্যাবরেটরিজ'-এ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।

দণ্ডপ্রাপ্ত বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি পরিবারসহ শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কারখানাটি পরিচালনা করে আসছিলেন বায়েজিদ। অভিযানে শিশুদের 'বেবি জেল', প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরির প্রমাণ পাওয়া যায় এবং কারখানাটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অপরাধে এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খাঁন জানান, "কোনো অন্যায় বা অপরাধের সাথে আমাদের দলের কোনো আপস নেই। দলীয় প্রধান থেকে শুরু করে সাধারণ কর্মী—কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজখবর নিয়ে কেন্দ্রকে জানানো হবে।"

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)