দেবহাটায় মহিষের আক্রমণে ৩ বছরের শিশুসহ আহত ৭
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জবাই এর জন্য নিয়ে যাওয়ার সময় হাত থেকে দড়ি ছাড়িয়ে পালানো এক মহিষের আক্রমনে এক শিশুসহ সাতজন জখম হয়েছে। শুক্রবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর ও নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন,দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে মাংস ব্যবসায়ী মিজান সরদার, একই গ্রামের আব্দুল গফ্ফরের স্ত্রী বেবী খাতুন, এবাদুল৷ গাজীর ছেলে সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামের স্ত্রী সীমা পারভিন,তার ছেলে অয়ন আহমেদ ও নওয়াপাড়া গ্রামের আবুল বাশার।
ইউপি সদস্য আরমান হোসেন জানান, ছুটির দিন হিসেবে জবাই করার উদ্দেশ্যে একটি মহিষকে মিজান সরদারের দুই কর্মচারী শুক্রবার ভোরে বাড়ি থেকে দেবহাটা বাজারে নিয়ে যাচ্ছিল। কিছুূূদূর যাওয়ার পর রশিতে টান পড়লে মহিষটি হাত থেকে ছুটে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী মহিষটিকে আটকাতে গেলে এটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। মহিষটি একের পর এক পথচারী ও স্থানীয় লোকজনের ওপর এলোপাতাড়ি আক্রমণ চালায়। মহিষের এই আকস্মিক তান্ডবে পুরো এলাকায় মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিন বছরের এক শিশুসহ বসন্তপুর গ্রামের ছয় জন ও নওয়াপাড়া গ্রামের একজন আহত হন।
এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমাক্ত পাঁচজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আকস্মিক ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৮ টার দিকে মহিষটিকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়।
(আরকে/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)
