‘হাসতে কোনো পরিকল্পনা লাগে না’
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান; স্নিগ্ধ সাজ, স্বতঃস্ফূর্ত হাসি আর চিরচেনা মুগ্ধতা
বয়সের হিসাব যেন জয়ার লুকের কাছে বারবারই হার মানে। নতুন কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে আবারো সেই কথাই মনে করিয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। স্নিগ্ধ সাজ, স্বতঃস্ফূর্ত হাসি আর চিরচেনা মুগ্ধতা; সব মিলিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সামাজিক মাধ্যমে বেশ সরব জয়া আহসান। নিজের কাজের পাশাপাশি অবসর কিংবা ব্যক্তিগত সময়ের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারো তার ব্যতিক্রম হয়নি। প্রকাশ করা ছবিগুলোতে স্নিগ্ধ গোলাপী রঙের পোশাকে ফুরফুরে মেজাজে দেখা গেছে অভিনেত্রীকে। টেবিলের সামনে বসে থাকা জয়ার মুখে ছিল মিষ্টি হাসি।
জয়ার এই স্বতঃস্ফূর্ত হাসিই নজর কেড়েছে ভক্তদের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই বা নিজের অজান্তেই চলে আসে সেই হাসি। জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’
তবে, ছবিগুলোতে শুধু হাসিই নয়, জয়ার লুক নিয়েও নেটিজেনদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আনকোরা অভিব্যক্তি আর মিষ্টি হাসির পাশাপাশি তার এভারগ্রিন উপস্থিতি নিয়েই বেশি আলোচনা করেছেন অনেকে। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কাজেও ব্যস্ত সময় কাটে জয়ার। অবসর পেলেই বাড়ির বাগান দেখভাল করেন তিনি। গাছ-গাছালি আর পোষ্যদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। সামাজিক মাধ্যমে এসব মুহূর্তও মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
দুই বাংলায় সমানতালে কাজ করে যাওয়া জয়ার অভিনয়জীবনও এখন ব্যস্ততায় ভরা। সর্বশেষ তাকে দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি প্রশংসাও পেয়েছে।
নতুন ছবিতে জয়ার স্বতঃস্ফূর্ত হাসি যেমন ভক্তদের মন কেড়েছে, তেমনি তার চিরসবুজ উপস্থিতিও আবারো মনে করিয়ে দিয়েছে, পর্দার বাইরে এক ঝলক উপস্থিতিতেও দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ার ক্ষমতা এখনো অটুট এই অভিনেত্রীর।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)
