স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি এটিকে ক্ষমতা হিসেবে মনে করে না, বরং দায়িত্ব হিসেবে মনে করে। জনগণের প্রয়োজন মেটানো, তাদের কষ্ট দূর করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণের বিভিন্ন দুঃসময়ে বিএনপি সব সময় তাদের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলটি কার্যকর ভূমিকা রেখেছে। জনগণের পক্ষে থাকার কারণেই দেশের মানুষ বারবার বিএনপিকে সমর্থন ও সম্মান জানিয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে বাংলাদেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় ব্যবস্থা কায়েম করা হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। পরে ১৯৮২ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে এরশাদ সামরিক শাসন কায়েম করলে বিএনপি জনগণের সঙ্গে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যায়। ১৯৯০-৯১ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় এবং দলটি পুনরায় বহুদলীয় ও সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করে বলে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবার বিএনপির প্রতি আস্থা রেখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তিনি বলেন, ‘এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।’

তিনি বলেন, দেশের অর্থনীতি যখনই বিপন্ন হয়েছে, তখন জনগণের কল্যাণে তা পুনরুদ্ধার ও উন্নত করার দায়িত্বও বিএনপি পালন করেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকারের উন্নয়ন ও জনগণের কল্যাণের কর্মসূচিতে বাধা সৃষ্টি হলে সাধারণ মানুষেরই কষ্ট হবে। তাই দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। কোনো সরকারি কর্মসূচির সমালোচনা করার পাশাপাশি তার চেয়ে ভালো পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে কোনো লাভ নেই।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম খান বলেন, এসব কর্মসূচির উদ্দেশ্য জনগণের কল্যাণ করা। কোনো উদ্যোগে ভুল থাকলে তা তুলে ধরার পাশাপাশি আরও ভালো পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। জনগণের উন্নয়ন ও কল্যাণ না হলে রাজনৈতিক দল, সরকার কিংবা বিরোধী দলের কোনো কর্মকাণ্ডেরই অর্থ থাকে না।

নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক উন্নতি সাধন, জনগণের প্রয়োজন মেটানো এবং তাদের কষ্ট দূর করার কাজটি সহজ নয়। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে তাদেরও দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা সন্ত্রাস ও অপরাধে জড়িত হবে, তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এদিকে নজরুল ইসলাম খান সন্ত্রাস, অপরাধ ও দুষ্কৃতির বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলনের মাঠে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)