স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে প্রথমবার ব্যাডমিন্টনে অংশ নিয়েই ইতিহাস গড়ছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হয় বাংলাদেশের জুটি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল গৌরব-আয়মানের হাতে।

প্রথম গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। দারুণ ছন্দে খেলে ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে এগিয়ে যায় গৌরব-আয়মান জুটি।

দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রাখে তারা। কাজাখস্তানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২১-১২ ব্যবধানে গেমটি জিতে নেয় বাংলাদেশ।

ফলে টানা দুই গেমে জয়। আর তাতেই এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈতের শেষ ষোলোয় জায়গা করে নিল বাংলাদেশ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৬)