লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ। একই সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি লোহাগড়ার লক্ষ্মীপাশাস্হ নিজ ঠিকাদারী প্রতিষ্টানে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন।

সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ লোহাগড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের লক্ষীপাশার মরহুম সৈয়দ আবুল কালাম আজাদের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এসব কারণে তিনি স্বেচ্ছায় ও কারও প্ররোচনা ছাড়াই আওয়ামী লীগসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, লোহাগড়া পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তার নামের পাশে উল্লেখ থাকা পদ থেকেও তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ বলেন, "এ সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং স্বেচ্ছায় নেওয়া। ভবিষ্যতে তিনি আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন।"

(আরএম/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)