বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে একটি সন্যাস কালীমন্দিরে ভাঙচুর করে দানবাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মন্দিরের একটি সন্যাস মূর্তি নিয়ে পাশের ডোবায় ফেলে রাখা হয়। পরে মন্দিরের পুরোহিত মূর্তিটি উদ্ধার করেন।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শেষ রাতের কোন এক সময়ে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে পূজা-অর্চনা শেষে তিনি মন্দির থেকে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, দানবাক্স ভাঙা এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এ সময় মন্দিরের একটি মূর্তিও পাওয়া যাচ্ছিল না।পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশের একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ই গামী আঞ্চলিক সড়কের পাশের একটি ধানখেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ মূর্তিটি পড়ে থাকতে দেখা যায়।মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দানবাক্সের টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মন্দিরে চুরি ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শুক্রবার রাতে গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় এসে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

(বিএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)