লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
মোঃ মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিঅংক বাজারে অভিযান চালিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে যৌথ এ অভিযানে দুটি চিকিৎসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নানা অনিয়ম ও প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ইসলামী ব্যাংক হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টারকে আরও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষায় ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিভিল সার্জন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
(এমকে/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)
