রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বেল পাড়তে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সেখানে বেলা ১১টার দিকে একটি গাছে উঠে বেল পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী জানান, রবিবার সকালে তাঁরা দুজন বেল পাড়তে ওই বাগানে যান। মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য একটি গাছে উঠে বেল পাড়ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ মৃত্যুঞ্জয়ের পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মৃত্যুঞ্জয়কে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করাে মৃত্যু সনদের জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)