স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, একটি দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মীর শাহে আলম বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি।
তাদের নিয়ে চিন্তা করেছেন তারেক রহমান।

তিনি বলেন, বর্তমান সরকার সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে।
সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো অপতৎপরতাই কাজে আসবে না।
সরকার তার নিজস্ব গতিতেই চলবে।’ এ সময় শহীদ আবু সাঈদের কবর ও বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রংপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মীর শাহে আলম।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৬)