সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহারের সঙ্গে জড়িত না হন।
(এএন/এসপি/অক্টোবর ০১, ২০২৬)
