স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট/নিলামে তাকে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে এমআই এমিরেটস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা।

ফারুকির আগে আইএলটি২০ নিলামে সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। চতুর্থ আসরে আন্দ্রে ফ্লেচারকে ওই দামে দলে নিয়েছিল এমআই এমিরেটস। এবার সেই রেকর্ড অনেকটাই ছাড়িয়ে গেলেন ফারুকি।

নিলামে আগের রেকর্ড ভেঙে ৩ লাখ ডলারের বেশি পেয়েছেন মোট চার ক্রিকেটার। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৩ লাখ ৫০ হাজার ডলারে দলে নিয়েছে গালফ জায়ান্টস। একই দল রাইট-টু-ম্যাচ ব্যবহার করে রহমানউল্লাহ গুরবাজকে ৩ লাখ ১০ হাজার ডলারে ধরে রেখেছে। আর ফ্যাফ ডু প্লেসিসকে ৩ লাখ ডলারে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।

পাকিস্তানের চার তারকাকে অবশ্য ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারেই পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স। বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান ও শাদাব খান-চারজনই যোগ দিয়েছেন ভাইপার্সে। এর মধ্যে প্রথমবারের মতো আইএলটি২০ খেলবেন বাবর। নাসিম ও ফখর অবশ্য ভাইপার্সের হয়ে আরও এক মৌসুম খেলবেন।

নিলামে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটারদেরও ছিল উল্লেখযোগ্য চাহিদা। দেশটির ক্রিকেটারদের মধ্যে আইএলটি২০ ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন মুহাম্মদ ওয়াসিম। রাইট-টু-ম্যাচ ব্যবহার করে তাকে ২ লাখ ১০ হাজার ডলারে ধরে রেখেছে এমআই এমিরেটস।

আলিশান শারাফুকে ১ লাখ ১০ হাজার ডলারে দলে নিয়েছে আবুধাবি নাইট রাইডার্স। এ ছাড়া মুহাম্মদ রোহিদ ও আয়ান খান পেয়েছেন ৯৫ হাজার ডলার করে। রোহিদকে নিয়েছে নাইট রাইডার্স, আর আয়ানকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৬)