ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনসহ মোট ৪২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একই সময়ে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে মিরপুর বিভাগ ১১৮ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, গোয়েন্দা বিভাগ পাঁচজন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
অভিযানকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৬)
