রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সের এক কিশোর মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ক্বারী মো. মাসুদ (২৭) নামের প্রতিষ্ঠানটির এক শিক্ষককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। এর আগে নিজ ছাত্রকে যৌন নির্যাজনের অভিযোগে ওই শিক্ষক গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন স্থানীয় জনতা।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলের দিকে চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএসডাঙ্গী এলাকার জামিয়া ইসলামীয়া দারুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাদরাসার শিক্ষক কারী মো. মাসুদ খুলনার ডুমুরিয়া উপজেলার গদাগাড়া গ্রামের মাহবুর গোলদারের ছেলে বলে জানা গেছে। তিনি ওই মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন কর আসছিলেন।

ভুক্তভোগী কিশোর ওই মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে তার সহপাঠীরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে মাদরাসার মুহতামিম মাসুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। পরিবারের সদস্যদের কাছে সে জানায় যে, এর আগেও তাকে কয়েকবার যৌন নির্যাতন করেছে ওই শিক্ষক।

শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তার বাবা ও স্থানীয় কয়েকজন লোক মাদরাসায় গিয়ে কারী মাসুদকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে মাদরাসার পাশ্ববর্তী একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন।

এদিকে, জামিয়া ইসলামীয়া দারুল কোরআন মাদরাসায় এক ছাত্রকে তার শিক্ষক বলাৎকার করেছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। অনেক তাকে আবারও গণপিটুনি দিতে চাইলে স্থানীয় কয়েক যুবক চরভদ্রাসন থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ এসে অভিযুক্ত শিক্ষক কারী মাসুদকে উদ্ধার করে চরভদ্রাসন থানা হেফাজতে নেন। পরে, সদরপুর থানা পুলিশ এসে গ্রেপ্তারকৃত ক্বারী মাসুদকে সদরপুর থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এর আগেও ছেলেটি আরও কয়েকবার ওই শিক্ষক কর্তৃক শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগে না বললেও আজ (বৃহস্পতিবার) বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলে।

ওসি সফর আলী আরও জানান, ছেলের অভিযোগ শুনে ছেলেটির বাবা ও স্থানীয় লোকজন অভিযুক্ত মাদরাসা শিক্ষক কারী মাসুদকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চরভদ্রাসন থানায় নিয়ে আসে। তবে, যৌন নির্যাতনের ঘটনাস্থল সদরপুর থানা এলাকায় হওয়ায় ওই শিক্ষককে সদরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আল মামুন শাহ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, চারভদ্রাসন থানায় আটককৃত মাদরাসা শিক্ষক ক্বারী মাসুদের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা হয়েছে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মামুন শাহ।

(আরআর/এএস/অক্টোবর ০২, ২০২৬)