বিনোদন ডেস্ক : দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমসের জন্মদিন ছিলো ২ অক্টোবর। বিশেষ এই দিনে প্রিয় শিল্পীকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়েছেন সহকর্মী ও সংগীতশিল্পীরা। জেমসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন ‘আর্ক’ ব্যান্ডের হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেমসকে ‘বাংলা ব্যান্ড মিউজিকের এক বিশাল বটবৃক্ষ’ হিসেবে উল্লেখ করেন হাসান। তিনি লেখেন, ‘আমাদের দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি এবং আমাদের সবার প্রিয় জেমস ভাইকে ‘আর্ক’ ব্যান্ডের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।’

জেমসের সঙ্গে দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করে হাসান বলেন, নব্বইয়ের দশকের সোনালি দিনগুলো থেকে আজ পর্যন্ত একই মঞ্চে গান গাইতে পারা এবং বাংলা রক সংগীতের দীর্ঘ পথচলা ভাগ করে নেওয়া তার জন্য আনন্দ ও গর্বের।

নব্বইয়ের দশকের স্মৃতির কথা বলতে গিয়ে হাসান লেখেন, ‘সেই যে আমরা একসাথে মিক্সড অ্যালবামের রেকর্ডিং করতাম, কনসার্টের ব্যাকস্টেজে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম, আর একের পর এক শো-তে স্টেজ কাঁপাতাম- সেই স্মৃতিগুলো আমার জীবনের অন্যতম সেরা সম্পদ।

আপনার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সেই উন্মাদনা আজও আমার মনে ঠিক আগের মতোই তাজা হয়ে আছে।’

জেমসের সংগীতজীবনের প্রশংসা করে হাসান আরও লেখেন, ‘আপনি শুধু একজন কিংবদন্তি শিল্পীই নন, আপনি আমাদের বাংলা ব্যান্ড মিউজিকের এক বিশাল বটবৃক্ষ। শত প্রতিকূলতার মাঝেও যেভাবে আপনি রকের মশালটিকে জ্বালিয়ে রেখেছেন, তা আমাদের সবসময় অনুপ্রাণিত করে।’

সবশেষে জেমসের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে হাসান লেখেন, ‘দোয়া করি সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘজীবী করুন, সবসময় সুস্থ ও হাসিখুশি রাখুন। আপনার কণ্ঠের সেই চেনা জাদু এভাবেই আরও বহু বছর থাকুক।’

জেমসের জন্মদিনে হাসানের এই আবেগঘন শুভেচ্ছাবার্তা ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২৬)