সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রায় ৮৫০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও পাকাকরণ না হওয়ায় বর্ষা মৌসুমে কাঁদাপানিতে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাঁদা জমে যায়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়।
শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সড়কটি পাকা হলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে।
এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
তাদের আশা, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের প্রায় ৮৫০ মিটার সড়কটি সম্পর্কে আমরা অবগত আছি। সড়কটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র দ্রুততম সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।
(এএন/এসপি/অক্টোবর ০৪, ২০২৬
