স্টাফ রিপোর্টার : দুর্গাপূজায় বিক্রি বাড়াতে দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ কথা জানান।

চিঠিতে ব্যবসায়ী নেতারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বর্তমানে রাত ৮টার মধ্যে দেশের সব বিপণিবিতান ও দোকানপাট বন্ধ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংকটকালীন সময়ে জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ীরা সহযোগিতা করে আসছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানপাটে বিক্রি কমে গেছে। এতে ব্যবসায়ীদের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

ব্যবসায়ী নেতারা আরও বলেন, ঈদ ও দুর্গাপূজার সময়ে সাধারণত বিক্রি কিছুটা বাড়ে। এসময় দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কিছুটা হলেও উপকৃত হবেন।

তারা জানান, এরই মধ্যে লোডশেডিং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সুযোগ চান তারা।

এর আগে, মধ্যপ্রাচ্যের সংকটের পর জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিল মাসে সরকার দোকান ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়। সে সময় ব্যবসায়ীরা রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়েছিলেন। পরে সরকার দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করে। এরপর কোরবানির ঈদের আগে সময়সীমা আরও শিথিল করা হয়।

সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। এতে বলা হয়, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ অবস্থায় আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ব্যবসায়ীদের বিক্রির সুযোগ বাড়াতে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৬)