স্টাফ রিপোর্টার : দেশের বাজারে স্বর্ণের সঙ্গে রূপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা এবং রূপার দাম ১৭৫ টাকা কমেছে। দাম কমানোর পর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে, রবিবার প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে স্থানীয় বাজারের আগে দাম কমেছে বৈশ্বিক বাজারে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আজ সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১২৮ ডলার।

নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৬)