‘টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল’
বিনোদন ডেস্ক : ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। অল্প সময়েই হয়ে ওঠেন শ্রোতাপ্রিয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান। প্রথম দিকে ভক্তরা তার পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে সঙ্গে তারা দূরে সরে যেতে থাকেন।
অনেকে গায়ক মাইনুল আহসান নোবেলকে বিতর্কের অপর নাম বলে থাকেন। কারণ গানের চেয়ে মাদককাণ্ড, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা নিয়েই খবরের শিরোনাম হন। তবে এলোমেলো এই জীবনের জন্য ‘টাকা ও জনপ্রিয়তাকে’ দায়ী করেছেন এই শিল্পী। তার ভাষ্য—“এমন সময় ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে...।”
খুব অল্প বয়সে অধিক টাকা পেয়ে নিজেকে সামলে রাখতে পারেননি নোবেল। তা ব্যাখ্যা করে এই গায়ক বলেন, “আমি ‘সারেগামাপা’-তে গিয়ে যখন জনপ্রিয়তা পাই, তখন দুহাতে টাকা আসতে থাকে। এমনও হয়েছে, মাসে ৪০–৫০, এমনকি ৬০ লাখ টাকাও পেতাম। অল্প বয়স, আমার বয়স তখন মাত্র ২৪–২৫ বছর। এত টাকা আমাকে অস্থির করে তোলে। নিজেকে ধরে রাখতে পারিনি। বেখেয়ালি জীবনে জড়িয়ে পড়ি। টাকা আমার মাথা খারাপ করে তোলে।”
গত ১০ মাসে জীবনে পরিবর্তন এসেছে। ছেলে জন্মের পর থেকেই এই বদলের শুরু। এখন গান ও ছেলেকে ঘিরেই তার ব্যস্ততা। নোবেল বলেন, “আমি এখন ওসব থেকে একেবারে দূরে। বলতে পারেন, এখন ছেলেই আমার আসল পিনিক। ওকে নিয়ে আমার সময় কাটে। কী দারুণ সব গান হচ্ছে!”
২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করার খবর প্রকাশ্যে আসার পর আলোচনার জন্ম দেয়। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন নোবেল। পুত্রের সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়ও ভাগ করে নিয়েছেন এই গায়ক।
(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০২৬)
