গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৭, ২০২৬)