গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকালে আইন বিভাগের ৭২২ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি নাঈমা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, তরুণদের লেখনীর মাধ্যমে দেশের সত্য ও বস্তুনিষ্ঠ চিত্র ফুটে উঠবে। তিনি নবীন লেখকদের নিয়মিত চর্চা ও পড়াশোনার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, ফোরামের উপদেষ্টাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

(টিবি/এসপি/অক্টোবর ০৭, ২০২৬)