স্টাফ রিপোর্টার : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, দেশের আবাসন ও নির্মাণ খাত বর্তমানে ধীরগতির মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যেও সরকার এ খাতকে চাঙা করতে কাজ করছে। আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য মন্ত্রণালয়ের দরজা সবসময় খোলা রয়েছে। তাদের যেকোনো সমস্যা সমাধানে সরকার সহযোগিতা করতে প্রস্তুত।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বসতি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর গত আট মাসে আবাসন ও নির্মাণ খাতের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, ডেভেলপার ও রিয়েল এস্টেট ব্যবসাসহ সংশ্লিষ্ট সব খাতেই কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে। এর মধ্যেও পরিস্থিতি উন্নয়নে সরকার চেষ্টা করছে এবং অন্তত একটি ইতিবাচক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী দিনে দেশের সার্বিক পরিস্থিতির আরো উন্নতি হবে।

তিনি বলেন, আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আপনাদের জন্য আমাদের দরজা খোলা। আপনাদের যে খারাপ সময় যাচ্ছে, এ সময়ে আমরা কোনোভাবে আপনাদের কাজে সহযোগিতা করতে পারলে আমরা পাশে থাকব।

আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। গত আট মাসের অভিজ্ঞতায় দেখা গেছে, বেশ কিছু ভালো ডেভেলপার ও নির্মাণ প্রতিষ্ঠান সুনামের সঙ্গে ব্যবসা করলেও তাদের বিরুদ্ধে অ্যাপার্টমেন্ট হস্তান্তর নিয়ে অভিযোগ এসেছে। একইভাবে প্লট কিনেও অনেকে হয়রানির শিকার হচ্ছেন।

তিনি বলেন, মানুষ অনেক কষ্ট করে টাকা উপার্জন করে অ্যাপার্টমেন্ট বা প্লট কেনেন। তাই কোনো ধরনের জটিলতা থাকলে দ্রুত তা সমাধান করে গ্রাহকের কাছে অ্যাপার্টমেন্ট বা প্লট হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ মেলার যে উদ্দেশ্য, তা সামনে রেখে আগামী দিনেও সরকার কাজ করে যাবে। একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আবাসন ও নির্মাণ খাতের সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)