রাজবাড়ী প্রতিনিধি : জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মো: আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায়।

ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করে জানান, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় এই মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হয়রানি করা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে তাঁর প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় এবং একই রাতে পুকুরে বিষ প্রয়োগ করে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(একে/এএস/অক্টোবর ০৮, ২০২৬)