রাজন্য রুহানি, জামালপুর : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গোপনে সংবাদ পেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোররাতে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে অক্টোবর ভোরে উপজেলার বিজয় চত্বর এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগকর্মী মোস্তাফিজুর রহমান।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ওই দিনের ঝটিকা মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও। এই ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রলীগের ওই দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি বিভিন্ন মামলার সন্ধিগ্ধ আসামি। এছাড়া গোপন সংবাদ ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিছিলে অংশ নেওয়া বাকিদেরও শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

(আরআর/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)