রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর অটোরিকশা চালক বাবা চান মিয়ার মৃত্যুর মাত্র চারদিনের মাথায় ধর্ষণের শিকার হয়েছে তার ৪ বছর বয়সের এক কন্যাশিশু। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ শিশুটিকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ। জেলা সদরের মাচ্চর ইউনিয়নের চণ্ডিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজ্জাক রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

ভুক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গত বুধবার (৭ সেপ্টেম্বর) জেলা সদরের দয়রামপুর গ্রামে ধর্ষনের শিকার হয় এ কন্যাশিশুটি। জানা যায়, প্রথমে চকলেট কিনে দেওয়ার লোভ ও পরে ভয় দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে গিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় রাজ্জাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুটির বাবা বাবা চান মিয়ার মৃত্যু হয়। শুক্রবার দিন ধর্য করে চান মিয়ার বাড়িতে তাঁর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নেন নিহতের পরিবার। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ব্যস্ত সময় পাড় করছিলেন। এরই মধ্যে বুধবার সন্ধ্যার একটু আগে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে ভুক্তভোগী শিশুটির কান্না আওয়াজ শুনতে পান তার ফুফু। পরে শিশুটিকে উদ্ধার করলে তার পরনের হাফপ্যান্ট ভেজা ও গোপনাঙ্গে ব্যথার কথা জানতে পেরে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারের সময় অভিযুক্ত রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ তোলেন।

পরে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে ভুক্তভোগী শিশুটির বাড়ির পাশেই অভিযুক্ত রাজ্জাকের শ্বশুরবাড়ি হওয়ায় স্থানীয়রা রাজ্জাককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার কথায় অসংগতির কারণে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হলে এক পর্যায়ে তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে। এসময় এলাকাবাসী শিশুটি ধর্ষণের দায়ে রাজ্জাকের ফাঁসি দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'দয়রামপুর এলাকায় ৪ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয়রা আটকে রেখেছে- এমন খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে'। এছাড়া, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মাহমুদুল।

(আরআর/এসপি/অক্টোবর ০৯, ২০২৬)