ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক ব্যক্তিরা রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার এর নেতৃত্বে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর উপস্থিতিতে শতাধিক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
অভিযানকালে পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উদ্ধার করা অস্ত্রগুলো ঈশ্বরদী থানায় নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি)আসাদুজ্জামান সরকার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
(এসকেকে/এসপি/অক্টোবর ০৯, ২০২৬)
