নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই।
শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে তার নাম ঘোষণা করে নরওয়েজীয় নোবেল কমিটি।
নোবেল কমিটি জানায়, আন্তর্জাতিক আইনকে এগিয়ে নেওয়া এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাভি পিলাই। তার দীর্ঘ কর্মজীবনে মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক বিচারব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের পক্ষে কাজ করেছেন পিলাই। পরে আন্তর্জাতিক বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বেও পালন করেন তিনি।
এর আগে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। দেশটির জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরশাসন থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয় বলে জানায় নোবেল কমিটি।
২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। নোবেল শান্তি পুরস্কার পাওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি তিনি।
অন্যদিকে, ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পদার্থবিজ্ঞানী ও শান্তিকর্মী জোসেফ রটব্লাট। পারমাণবিক অস্ত্রবিরোধী প্রচেষ্টা এবং পাগওয়াশ আন্দোলনে অবদানের জন্য তাকে এ সম্মান দেওয়া হয়।
(ওএস/এএস/অক্টোবর ১০, ২০২৬)
