এক সপ্তাহের আলটিমেটাম
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাকারিয়া হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, এড. আকবার হোসেন, এড. শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো: নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান, অজিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামী গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক।
বক্তারা আরও বলেন, হত্যা মামলার প্রধান আসামী নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এ গ্রেপ্তারে পুলিশের কৃতিত্ব কম। তাই অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশের সক্ষমতা প্রমাণ করতে হবে। নইলে পুরো জেলাবাসীকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
(আরকে/এসপি/অক্টোবর ১০, ২০২৬)
