‘বিমানবন্দরে হামলার কঠোর জবাব দেওয়া হবে’
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলাকে ‘পুর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জোট বাহিনী।
রবিবার (১১ অক্টোবর) ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক এই জোটের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) বিকেলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা রিয়াদের প্রধান বিমানবন্দরটি প্যাসেঞ্জার টার্মিনালে এই প্রাণঘাতি হামলা চালিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে বলেন, বেসামরিক কোনো স্থাপনাকে টার্গেট করে চালানো এ ধরনের আগ্রাসন সব আন্তর্জাতিক নীতি ও মূল্যবোধের পরিপন্থি এবং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক আইন মেনে এর উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।
সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, শনিবারের এই হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি আরবের নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
এছাড়া এই হামলায় আহত ৩০৯ জনেরও বেশি মানুষকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর ছাড়াও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাাশি আল-খারিজ গভর্নরেট ও দেশের পূর্বাঞ্চলে হুথিদের ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে জোট বাহিনী। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একটি বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণার এক সপ্তাহ পর থেকেই সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামোসহ বিভিন্ন স্থানে হামলার এই তীব্রতা লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে সৌদি আরব তাদের ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী (ইন্টারসেপ্টর) অস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিশরের কাছে জরুরি বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে।
এর আগে শনিবার হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল হুথিরা।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি, আল অ্যারাবিয়া
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)
