কুষ্টিয়া সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে শনিবার সকালে উপজেলার জামালপুর সীমান্তে খেতে কাজ করার সময় বিএসএফের গুলিতে এক কৃষক আহত হন।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তে এ পুশইনের ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরের দিকে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্ত দিয়ে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে ওই চারজন নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্তে এলে বিষয়টি টের পান স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা। পরে বিজিবি ও স্থানীয় জনতা চার ভারতীয় নাগরিককে মাথাভাঙ্গা নদী পার করে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেন। এরপর তারা ভারতীয় ভূখণ্ডে ফসলের খেতে অবস্থান করছিলেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে নিয়ে যান।
এর আগে শনিবার সকালে একই উপজেলার জামালপুর সীমান্তে নিজের খেতে কাজ করছিলেন কৃষক সাহাজুল। এ সময় নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উসকানিতে গুলি ছুড়লে ওই বাংলাদেশি কৃষক আহত হন। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি কৃষককে আহত করার ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানায়।
এদিকে, রবিবার সকালে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দেওয়ার পর সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।
কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে বিএসএফের তৎপরতা রুখতে বিজিবি সক্রিয় রয়েছে। বিএসএফের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে বিজিবি এখন আগের চেয়ে আরও জোরালো ভূমিকা পালন করছে।
(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২৬)
