আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি ও তারিখ জানাতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ সময়ের মধ্যে পুলিশ সিদ্ধান্ত না জানালে নতুন করে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা।

সোমবার (১২ অক্টোবর) সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রানকা। সেখানে তারা যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের নতুন তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়ার দাবি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

থানার বাইরে সাংবাদিকদের রানকা বলেন, ‘যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান।
সেখানে আমরা কবে বিক্ষোভ করতে পারব, সেই তারিখ জানতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কোথায় বিক্ষোভ করব? আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে আমরা বিক্ষোভ করতে পারি।
অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

কেন নতুন তারিখ চাইছে সিজেপি?
গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের দাবি, কর্মসূচির বিষয়ে মাত্র তিন দিন আগে, ৭ অক্টোবর তাদের জানানো হয়েছিল। অথচ নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করতে হয়।

এ ছাড়া আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও জানিয়ে অনুমতি প্রত্যাখ্যান করে পুলিশ। তাদের অভিযোগ, এর আগে সিজেপির একটি বিক্ষোভ নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর) কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ ছিল এই কর্মসূচি।

সিজেপির নেতারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার দাবি করে আসছেন। নতুন তারিখ নির্ধারণের দায়িত্ব পুলিশের ওপর ছেড়ে দিয়ে দলটি বলছে, অনির্দিষ্টকাল অপেক্ষা না করে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত জানাতে হবে।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

(ওএস/এএস/অক্টোবর ১২, ২০২৬)