গোবিপ্রবিতে গ্রন্থাগার ও পরিবহন দপ্তরে উপাচার্যের আকস্মিক পরিদর্শন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সেবার মানোন্নয়নে প্রশাসনিক তৎপরতার অংশ হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও পরিবহন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ দুটি দপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় দপ্তর দুটির সার্বিক কার্যক্রম, সেবার মান এবং দাপ্তরিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন উপাচার্য।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেন্দ্রীয় গ্রন্থাগারের বই ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং গ্রন্থাগারের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে পরিবহন দপ্তরের কার্যক্রম, যানবাহন ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করে দ্রুত বিদ্যমান সমস্যা সমাধানের নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, শৃঙ্খলায়িত ও শিক্ষার্থীবান্ধব করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
(টিবি/এসপি/অক্টোবর ১২, ২০২৬)
