গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অজ সোমবার কলেজ ক্যাম্পাসে কলেজের পক্ষ থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য দেন নবীনবরণ আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মন্ডলী, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফূল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় । মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানো হয়।

পাশাপাশি ওই মঞ্চে মাদক ও ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সচেতনতামূলক সভায় সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। মাদক থেকে দূরে থাকা, তরুণ প্রজন্মকে সচেতন করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে কাজ করবে বলে তারা প্রত্যাশা করেন।

(টিবি/এসপি/অক্টোবর ১২, ২০২৬)