স্টাফ রিপোর্টার : দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে রূপার দামও কিছুটা কমানো হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা এবং রূপার দাম ১১৭ টাকা কমেছে। দাম কমানোর পর ভ্যাটসহ ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে, সোমবার প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে স্থানীয় বাজারের আগে দাম কমেছে বৈশ্বিক বাজারে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৯২ ডলার।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২৬)