স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এ ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অতীতের অপকর্মের জন্য দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনারও কোনো লক্ষণ নেই।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার দাবি জানান তিনি।

সাবেক অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা।

তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাহিদ ইসলাম।

(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২৬)