‘ত্রিদেশীয় সিরিজে ভালো করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে দেবে’
স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। দলের বেশির ভাগ ক্রিকেটার এখন সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যেই আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দেশ ছেড়েছেন দলের বাকি সদস্যরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তার লক্ষ্য দল হিসেবে ভালো খেলে ফাইনালে ওঠা এবং শিরোপা জয়।ন
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় সোহানের কণ্ঠে।
তার মতে, দল হিসেবে খেলতে পারলে ফাইনালে ওঠার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। একই সঙ্গে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্যও এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
সোহান বলেন, আমার কাছে মনে হয়, দল হিসেবে খেলতে পারলে আমাদের ফাইনাল খেলা উচিত এবং চ্যাম্পিয়ন হওয়া উচিত। সত্যি বলতে, ওয়ানডে ফরম্যাটে সামনে আমাদের দুটি বড় টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ এবং এরপরই বিশ্বকাপ। এই সিরিজটা ভালো একটি প্ল্যাটফর্ম। এখানে ভালো করতে পারলে সেই আত্মবিশ্বাসটা বাড়বে, যা এশিয়া কাপেও কাজে দেবে।
সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়া নিয়েও সচেতন বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে সেই পরিস্থিতির অভিজ্ঞতা হচ্ছে ক্রিকেটারদের। তবে আবহাওয়াকে অজুহাত হিসেবে দেখতে চান না সোহান। তার মতে, দুই দলের জন্যই পরিস্থিতি একই রকম থাকবে।
এ প্রসঙ্গে সোহান বলেন, গরম তো একটু আছে। তবে আমার কাছে মনে হয়, দুই দলের জন্যই সমান হবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু মানিয়ে নিতে পারি, সেটাই চেষ্টা করব।
প্রতিপক্ষের শক্তির জায়গা বিবেচনায় নিয়ে স্পিন আক্রমণও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন এই উইকেটকিপার ব্যাটার। তার ধারণা, সিরিজে স্পিন সহায়ক উইকেট দেখা যেতে পারে। বাংলাদেশের স্পিন আক্রমণে এবার বাড়তি আকর্ষণ রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। তার অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সোহান।
আলিসকে নিয়ে সোহানের ভাষ্য, আলিস অনেক দিন ধরেই ভালো করছে। অবশ্যই বাংলাদেশের জন্য এটা ভালো। দলে এ রকম একজন মিস্ট্রি স্পিনার থাকলে সুবিধা পাওয়া যায়। আমরা যখন দেশের বাইরেও খেলি, তখন প্রায় প্রতিটি দলেই এ ধরনের বোলার থাকে। সেদিক থেকে বাংলাদেশের জন্য এটা ভালো একটা বিষয়।
সব মিলিয়ে ত্রিদেশীয় সিরিজে দলীয় পারফরম্যান্সের ওপরই জোর দিচ্ছেন সোহান। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি সবাই মিলে নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ সম্ভব বলে বিশ্বাস তার।
আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২১ অক্টোবর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। তিন দলের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২৬)
