‘একজন ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ’
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ- ২ আসনের এমপি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, একজন ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। দেশ এবং জাতি আশা করে, তার অভিভাবকরা আশা করে, আমার সন্তানেরা স্কুল-কলেজ থেকে অধ্যয়ন করে আমাদের সমাজকে আলোকিত করবে, আমাদের সমাজকে গড়বে। এরা এভাবে আগামী দিনের ভবিষ্যৎ। কেউ চিকিৎসার ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন হবে, কেউ আইনের দিক দিয়ে সর্বোচ্চ আইনজীবী হবে, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে সর্বোচ্চ মেধা সম্পন্ন অর্জন করে জাতি এবং দেশের জন্য অনেক কিছুই করবে।
আজ বৃহস্পতিবার সরকারী লৌহজং বিশ^বিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরাও তোমাদের কাছে চাইবো, আমাদের সন্তানদের কাছে চাইবো যে তোমরাও আজকের যেভাবে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে প্রশাসনিকভাবে জাতির নেতৃত্ব তোমরা দিবা, যেটা ইতিপূর্বে ২০ বছর আগে ছাত্রী থাকা অবস্থায় আজকের এই প্রশাসনিক নেতৃত্বে এসেছেন আমাদের ইউএনও। তেমন করে আমরা আশা করব আমাদের সন্তানেরা তোমরা এই সামনের চেয়ার থেকে, এই সামনের টেবিলে তোমরা এসে নেতৃত্ব দেবে এবং আমরা সেটার সুফল গ্রহণ করব। আমরা আমাদের সন্তানদের এই শিক্ষা অর্জনে গর্বিত হব।
এমপি বলেন, একজন মানুষ বিভিন্ন পর্যায়ে মানুষকে উপকার করতে পারে। একজন ছাত্রও যেটা ছাত্র অবস্থাতেও জাতির নেতৃত্ব দিতে পারে, সুশিক্ষা অর্জন করতে পারে। তোমরা দেখেছ আজকের থেকে প্রায় দুই বছর আগে এই বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র হরণ করে, নির্বাচনী ব্যবস্থা ব্যবস্থা হরণ করে, গণতান্ত্রিক ভোট হরণ করে একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশকে পরিচালনা করে আসছিলেন। সেখানে রাজনৈতিক নেতৃবন্দরা কোনো আপস করেননি। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা গুম হয়েছেন, খুন হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে দেশান্তার করা হয়েছে। সর্বশেষ ১৭ বছর আন্দোলন সংগ্রামের শেষ পর্যায় অর্জিত হয়েছে তোমাদের মধ্য দিয়ে।
আব্দুস সালাম আজাদ বলেন, যখন ছাত্র-জনতারা ন্যায় এবং জনগণের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসে, তখন কোনো অত্যাচারী শাসক, তখন কোনো অপরাধীর জায়গা কোনো দেশেই থাকে না। যেমন করে ঘটেছে ইতিপূর্বে আমাদের দেশে ৮ মাস পূর্বে। আজকে তেমন করেই আরেকটি এই ছাত্র-জনতা, এই ছাত্র-ছাত্রীরা আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেই কোলকাতা ভারতকে কাঁপিয়ে তুলেছেন। সমস্ত কিছুর মূলে একটি আদর্শ এবং এই আদর্শই থাকবে তোমাদের মধ্যে। এই আদর্শের মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যে দেশে থাকবে না কোনো অপরাধ, যে দেশে থাকবে ন্যায় এবং ন্যায়নীতির প্রতিষ্ঠা। যেখানে তোমাদের নেতৃত্বের মধ্য দিয়ে একটি সুন্দর সাবলীল বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান সিকদার।
(এমকে/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)
