স্টাফ রিপোর্টার : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় লুৎফুজ্জামান আলিফ ফকির (৩৫) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার উতরাইল বাজারে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

নিহত লুৎফুজ্জামান অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের ঘটনা নিয়ে লেখালেখি করতেন তিনি। তার গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে উতরাইল বাজারের একটি দোকানে বসেছিলেন লুৎফুজ্জামান। মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে আসে। তারা লুৎফুজ্জামানকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই দুই যুবক।

পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ লুৎফুজ্জামানকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, লুৎফুজ্জামানের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

গত বছরের ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা। ওই সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৬)