স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটি শুরুর শেষ কর্মদিবসে স্থলবন্দরে ব্যাপক ব্যস্ততা ছিল। এরপর থেকে ছুটিতে থাকছে ত্রি-দেশীয় বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, সনাতন ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের জরুরি বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক শনিবার (১৭ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত ছয় দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পূজার এ ছুটির সঙ্গে ১৬ ও ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ছুটি বেড়ে আট দিন হবে।

আগামী ২৪ অক্টোবর যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আগামী ২৪ অক্টোবর বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আমদানি-রফতনি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০২৬)