দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
রাজন্য রুহানি, জামালপুর : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্ততি গ্রহণ করেছে এসআরবি-১৪। জামালপুরসহ ৬টি জেলা (ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ) জেলায় প্রতিটি মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে এই টিম।
১৭ অক্টোবর শনিবার বিকেলে জামালপুর দয়াময়ী মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ময়মনসিংহের এসআরবির-১৪'র অধিনায়ক মুঃ মাসুদ রানা।
তিনি জানান, সবাই যেন এই আনন্দ সম্পূর্ণ নিরাপদে ও শান্তিতে উদযাপন করতে পারেন, সেজন্য এসআরবি-১৪ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমাদের এলাকার অধীনে থাকা ৬টি জেলা (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ) এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর মিলিয়ে এবার মোট ৩,৩৫০টি পূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে জামালপুর জেলায় ২২৫টি পূজা মণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিম দিনরাত কাজ করছে। আমরা স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি এবং পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করছি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পূজা শুরুর আগে থেকেই সাদা পোশাকের গোয়েন্দা দল মাঠে কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা রুখে দিতে আমরা কঠোর অবস্থানে আছি।
মণ্ডপ ও এর আশেপাশে আমাদের নিয়মিত মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির জন্য আমরা স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করেছি।
যেকোনো আকস্মিক পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য আমাদের বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং দক্ষ টিম ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে।
প্রতিমা বিসর্জনের রুট এবং ঘাটগুলোতে বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে মিলে মিলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
পূজা চলাকালীন যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে সাথে সাথে আমাদের কন্ট্রোল রুমের নম্বর: ০১৭৭৭৭১১৪৯৯, সিপিসি-১, এসআরবি-১৪, জামালপুর কোম্পানি কমান্ডার এর মোবাইল নম্বর: ০১৭৭৭৭১১৪১১ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
ফেসবুক, টিকটক বা ইউটিউবে যেন কেউ ধর্মীয় উস্কানি বা গুজব ছড়াতে না পারে, সেজন্য আমাদের সাইবার টিম দিনরাত অনলাইনে নজর রাখছে। অনলাইনে কোনো গুজবে কান দেবেন না এবং সত্যতা যাচাই না করে কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন না। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি উৎসব সবার। আমরা সব ভক্ত ও পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে, আনন্দে পূজা উদযাপন করুন। আপনাদের সুরক্ষায় এসআরবি-১৪ সবসময় পাশে আছে।
গণমাধ্যমের মাধ্যমে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি। সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা।
(আরএম/এএস/অক্টোবর ১৮, ২০২৬)
