বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর সং ইয়াং আধুনিক কৃষি, কৃষিপ্রযুক্তি, বীজ উন্নয়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে চীন-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত দুই দেশের আধুনিক কৃষি শিল্প সহযোগিতা বিষয়ক এক সেমিনারে তিনি এ আহবান জানান।
‘স্মার্ট কৃষি, ভাগাভাগির ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে কৃষিযন্ত্র, বীজ উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক কৃষিপ্রযুক্তি নিয়ে বাংলাদেশ-চীনা ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়।
এ সময় সং ইয়াং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে ৫১ বছরের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পৌঁছেছে নতুন উচ্চতায়।
দুই দেশের নেতাদের দিকনির্দেশনায় পারস্পরিক বোঝাপড়া, উন্নয়ন ও লাভজনক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, উভয় দেশের জাতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় চীনের উদ্যোগে কৃষি খাতে সহযোগিতার পরিসর আরও বেড়েছে। কৃষি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত কৃষিপদ্ধতি ব্যবহারের মাধ্যমে এ খাতে বাস্তব অগ্রগতি অর্জন সম্ভব।
অনুষ্ঠানে অংশ নেয়া চীনা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সং ইয়াং বলেন, এমন আয়োজন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের বাজার, স্থানীয় চাহিদা ও নীতিমালা সম্পর্কে আরও ভালোভাবে জানতে সহায়তা করবে।
চীন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আধুনিক কৃষি খাতে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ উভয় দেশের মানুষের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এবং অভিন্ন উন্নয়নের আরও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ ও চীনের সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেন।
(ওএস/এএস/অক্টোবর ১৮, ২০২৬)
