মুন্সীগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, মাদকসেবীরা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আবার রোগী হয়ে সে তার মাকেও মেরে ফেলছে। তারা আবার বিকারগ্রস্ত হয়ে তার বাবাকেও মেরে ফেলছে। বিকারগস্ত হয়ে তার স্ত্রীকেও মেরে ফেলছে। বিভিন্ন জায়গায় দেখছি কারা? সেই মাদকাসক্তরা। এই মাদকাসক্ত থেকে দেশটাকে বাঁচাতে হবে না? রবিবার তিনি লৌহজংয়ের কুমারভোগে প্রধান অতিথি হিসেবে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন।

স্বপ্ন আই কেয়ার সেন্টার আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারভোগ ইউপি বিএনপির সভাপতি মো. কাউসার তালুকদার।

এমপি সালাম আজাদ বলেন, আমাদের চেয়ারম্যান এবং দেশের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন, ' মাদকের সাথে কোনো আপস আমরা করব না।' এখানে আপনাদের ভূমিকা নিতে হবে। যারা মাদক খায় এবং যারা মাদক ব্যবসা করে, তাদেরকে আপনারা ধরিয়ে দিবেন না? কি বলেন? মাদক খেয়ে যদি আপনার সন্তান মারা যায় অথবা আপনিও মারা যেতে পারেন, আপনার স্ত্রীও মারা যেতে পারে, তাহলে আপনার সন্তানকে আপনি ধরিয়ে দিতে ভুল করবেন? প্রয়োজনে আপনি আপনার সন্তানকে ধরিয়ে দিবেন। এ ব্যাপারে আপনাদের জিহাদ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, জীবন থাকতে কাউকে পদ্মায় বালু কাটতে দেয়া হবেনা। এই কুমারভোগ থেকে আমাদের বিক্রমপুরের সীমানা পদ্মার মধ্যে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে হবে। এই সর্বনাশা পদ্মা ভাঙতে ভাঙতে আজকে আমাদের এই লৌহজং থানার দশানিও নাই। অর্ধেকেরও কম জায়গা এখন আছে, আর অর্ধেকের বেশি জায়গা এই নদীতে বিলীন হয়ে গেছে। আমি ইতিপূর্বে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম, আমরা জান দিব কিন্তু আমরা আমাদের মাটি দিব না। একটা বিশেষ মহল বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পদ্মায় তারা ড্রেজিং করে মাটি নেওয়ার জন্য। এই মাটি যদি এই পদ্মা থেকে নেওয়া হয়, পদ্মায় যদি ড্রেজার লাগানো হয়, তাহলে এই কুমারভোগ না, আরও ২-৩-৪ কিলোমিটার পেছনে চলে যাবে পদ্মার ভাঙন, অত্যন্ত ভয়াবহ!

এমপি বলেন, আপনারা যেমন পদ্মায় কোনো ড্রেজার থাকতে দিবেন না বলেছেন, আমি আজকে থেকে ছয় মাস আগে ঘোষণা করে ছিলাম পদ্মা নদীতে যদি কোনো ড্রেজার লাগিয়ে কেউ বালি তোলে, তাহলে যে ধরিয়ে দিতে পারবেন, আমি তাকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার দিব!
আমি এই কারণে আপনাদের অনুরোধ রাখব, একটা বিশেষ মহল ড্রেজার দিয়ে ড্রেজারের মধ্য দিয়ে আমাদের এখানে ড্রেজিং করে তারা এখান থেকে মাটি সরিয়ে বাণিজ্যিকভাবে যেতে চায়।

তিনি আরও বলেন, আজকে আমি এমপি হয়েছি কাদের ভোটের মধ্য দিয়ে? আপনাদের ভোটের মধ্য দিয়ে আজকে আমি সংসদ সদস্য হয়েছি। আমি আপনাদের কাছে ঋণী। আপনাদের নেতৃত্ব, আপনাদের সমাজব্যবস্থা উন্নয়নের জন্য আপনাদের ভাষায়, আপনাদের চিন্তাভাবনার মধ্যেই থাকবে।

এমপি বলেন, কোথাও কোনো ড্রেজার লাগায়, কোথাও যদি এই পদ্মার পাড়ে, আমার এই পদ্মার বিক্রমপুরের সীমানার মধ্যে, এই লৌহজংয়ের সীমানার মধ্যে অথবা টঙ্গিবাড়ির সীমানার মধ্যে যদি কেউ কোনো গোষ্ঠী বিশেষ মহল তারা কোনো ড্রেজার লাগায় আমাকে সংবাদ দিবেন। কারণ আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমি আমার ইউএনও সাহেবের সাথে কথা বলেছি, আমি আমার নৌ-পুলিশের সাথে কথা বলেছি। যদি কেউ ড্রেজার লাগায় মাটি খনন করে ধরিয়ে দিতে পারলে একদিকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে, আর একদিকে তাদের ড্রেজারসহ তাদেরকে গ্রেপ্তার করা হবে।

(এমকে/এসপি/অক্টোবর ১৮, ২০২৬)