নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪
স্টাফ রিপোর্টার : নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এসময় আহত হয়েছেন অন্তত ৩২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ৯ জন ও পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জন মারা যান।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৬)
