স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজায় যাত্রীদের চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। 

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে এসব বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।

যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়া, অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সে জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বাসসেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ থেকে শনিবার পর্যন্ত এ সেবা চালু থাকবে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করা হয়েছে। এ সেবায় ২০০টি বাস নির্ধারণ করা হয়েছে।
বাসগুলোর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা বাস রয়েছে।

এ সেবার জন্য সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বিআরটিসির কর্মকর্তারা জানান, বিশেষ বাসের বেশির ভাগ রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন ডিপো থেকে ছেড়ে যাবে। এসব বাস রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এ ছাড়া এক জেলা থেকে অন্য জেলাতেও বিশেষ বাসসেবা চালু থাকবে।

(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৬)