সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছগাছালি ও বেড়া ভাংচুর
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সপ্তমীর রাতে সীমানা পিলার তুলে, বেড়া ভেঙে, গাছ গাছালি কেটে তছনছ করা হয়েছে। বেড়া ভেঙে দোতলায় উঠে বাক্স ভেঙে ১৫ হাজার টাকা চুরি করা হয়েছে। রবিবার গভীর রাতে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জুয়েলারী ব্যবসায়ি পলাশ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্রহ্মরাজপুর গ্রামের পঞ্চানন চৌধুরীর ছেলে পলাশ চৌধুরী জানান, প্রতিবেশি রতন অধিকারীর সাথে সীমানা নিয়ে তাদের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। কয়েক মাস আগে রতনের বাঁশ বাগানের ৩০/৪০টি বাঁশ তার সীমানায় ঝুঁকে পড়ে সমস্যা সৃষ্টি করলে তিনি ডগা কেটে নিতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয়পক্ষ থেকে থানায় মামলা করা হয়। যাহা আজো চলমান।
তিনি আরো জানান, বাবা ও স্ত্রীকে বাসায় রেখে তিনি রবিবার রাতে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শণে যান। ফেরেন রাত দেড়টার দিকে। এরপর খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার সীমানা পিলার তুলে, গাছ গাছালি কেটে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে চটার বেড়া। ঘরের পিছনের বেড়া ভেঙে দোতলায় উঠে বাবার ঘরে ঢুকে টিনের বাক্সের তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা লুট করা হয়েছে। তিনি আশঙ্কা করছেন পূর্ব বিরোধকে কেন্দ্র করে রতন অধিকারী এ কাজ করেছে।
রতন অধিকারী জানান, নিজেরা নাটক সাজিয়ে তাকে দোষ দিচ্ছে পলাশ চৌধুরী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পলাশ চৌধুরী থানায় সাধারণ ডায়েরী করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
(আরকে/এএস/অক্টোবর ২০, ২০২৬)
