সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতায় দেশ গড়তে চান। ধর্ম, বর্ণ কিংবা পেশার ভিন্নতা নয়- বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। রাষ্ট্রের কাছে সবাই সমান সুযোগ ও মর্যাদা পাবেন। কাউকে পেছনে ফেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় ধর্মসভা কমিটির নেতাদের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেকও তুলে দেন। মন্দির প্রাঙ্গণে রক্তচন্দন গাছের একটি চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রত্যেক মানুষকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করেন। দেশের আইন ও সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের অধিকার সমান। ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার কম বা বেশি হতে পারে না।
তিনি বলেন, ‘‘এই দেশের মাটির ওপরে এই দেশে আপনার যেমন অধিকার আছে, ঠিক আমারও তেমনি অধিকার আছে। এই দেশে রাষ্ট্র আপনাকে যেই সুবিধা দেবে, ঠিক আমাকেও সেই সুবিধা দেবে।’’
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার বার্তা দিতে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করতে এসেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষ যে ধর্মেরই হোক, সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব। এ জন্য সবার সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশে জন্ম নেওয়া, বেড়ে ওঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের এই দেশেই বসবাসের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বললেন, দেশের প্রতি সবার দায়িত্ব রয়েছে। তাই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। নিজের ধর্মের মানুষদের যেভাবে দেখেন, অন্য ধর্মের মানুষদেরও সেভাবেই দেখতে চান। এসময় সনাতন ধর্মাবলম্বী, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সরকার প্রধান বলেন, বাংলাদেশের জনগণের সমর্থন ও ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এই দায়িত্ব পালনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই তিনি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সমান নাগরিক অধিকারের ভিত্তিতে দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৬)
