বিনোদন ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও বাপ্পারাজ। আলাদা আলাদাভাবে অনেক ব্যবসাসফল সিনেমা যেমন উপহার দিয়েছেন, তেমনই একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত জীবনেও তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। 

নায়করাজ রাজ্জাকের পুত্র বাপ্পারাজকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ওমর সানী। ‘কুলি’খ্যাত এই নায়ক বলেন, “একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু। অনেক সিনেমা একসাথে করেছি, তার নেই কোনো অহংকার। আমি মাঝেমধ্যে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সাথে কাজ করবেন! কিন্তু দিনশেষে উনি বলতেন—কাজটাই হচ্ছে আসল।”

বাপ্পারাজ, ওমর সানী যখন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করেন, সেই সময়ের কথা উল্লেখ করে ওমর সানী বলেন, “এত দুষ্টামি করতেন এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টামির চরম ভাইরাল হতাম।”

বাপ্পারাজকে স্যালুট জানিয়ে ওমর সানী বলেন, “বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, আপনার কোনো বদ অভ্যাস নাই। বরং আপনার কাছে আমরা খারাপ। আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিনশেষে বলি, আপনি অনেক দুষ্টু।”

একসঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ ও ওমর সানী। ১৯৯৩ সালে মুক্তি পায় ‘প্রেমগীত’ সিনেমা। এতে অভিনয় করেন—বাপ্পারাজ, ওমর সানী, লিমা। ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমা উপহার দেন তারা। পরবর্তীতে ‘হারানো প্রেম’, ‘গরিবরাও মানুষ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন বাপ্পারাজ-ওমর সানী।

১৯৮৬ সালে নায়করা রাজ্জাকের পরিচালিত ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন বাপ্পারাজ। সিনেমাটি মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

অভিনয় ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বাপ্পারাজ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘জ্বীনের বাদশা’, ‘জজ ব্যারিস্টার’, ‘বাংলার কমান্ডো’, ‘প্রেমের সমাধি’, ‘গরীবের সংসার’, ‘নির্মম’, ‘বাবা কেন চাকর’, ‘চাকরানি’ প্রভৃতি।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)