শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদসহ বেশ কয়েকটি দোকান ও ঝুট এবং তুলার গুদামের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তী সময়ে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর আধুনিক ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৫ট ৪৮ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে একটি মসজিদ ছাড়াও ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি সামগ্রীর দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
(এস/এসপি/অক্টোবর ২২, ২০২৬)
